মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

বাগেরহাটের কচুয়ায় দুর্গা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার সন্দেহে রফিকুল ইসলাম (৪৫) নামে এক জামায়াত নেতা ও ইউপি সদস্যকে গতকাল শুক্রবার ভোরে পুলিশ গ্রেফতার করেছে। তিনি গোপালপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি এবং ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য। জামায়াত ইসলামীর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ বলেন, একটি স্কুলের পরিচালনা পর্যদের নির্বাচনে যাতে রফিকুল অংশ নিতে না পারে সে জন্য একটি প্রভাবশালী মহলের মিথ্যা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। কচুয়া থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, দুর্গা মন্দির অগ্নিসংযোগে জড়িত থাকার সন্দেহে রফিকুলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।