টর্নেডোয় বিধ্বস্ত স্কুলের ক্লাস চলছে আমবাগানে

দুর্গাপুর উপজেলার নান্দিগ্রাম শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীর পাঠদান চলছে বাঁশঝাড়, আমবাগান আর চায়ের স্টলে। গত ১৪ জুন বিকালে আকস্মিক টর্নেডোর আঘাতে বিদ্যালয়ের ৩টি শ্রেণিকক্ষ, ১টি অফিস কক্ষ ও ২টি টয়লেট সম্পূর্ণ বিধ্বস্ত হয়। প্রধান শিক্ষিকা ফাতেমাতুজ্জোহুরা বলেন, ৬ দিনেও সরকারিভাবে বিদ্যালয়টি পরিদর্শন ও কোন ধরনের পদক্ষেপ নেয়া হয়নি। যার ফলে বৃষ্টি এলে বই-খাতা নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে ৩ নারী, ১ পুরুষ শিক্ষক ও শিক্ষার্থীদের। জানা যায়, ২০০৮ সালে স্থানীয় লোকজন ও শিক্ষকদের প্রচেষ্টায় স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালের ১ জুলাই সেটি জাতীকরণ হলেও শিক্ষকরা এখনো বেতন-ভাতাও পাননি। উপজেলা শিক্ষা কর্মকর্তা গোফরান হালিম বলেন, ‘ঘটনাটি শুনেছি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।