রামপুরায় কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তা গুলিবিদ্ধ
প্রকাশ : ২০ জুন ২০১৪, ২১:০৬
রাজধানীর রামপুরায় একটি কনস্ট্রাকশন কোম্পানির সাইট ম্যানেজারকে গুলি করেছে সন্ত্রাসীরা। সাইট ম্যানেজারের নাম আলম খান (৫৮)। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে কি কারণে কে বা কারা তাকে গুলি করেছে তা এখনো জানা যায়নি।
রামপুরা থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবন নির্মাণ নিয়ে চাঁদা সংক্রান্ত ব্যাপারে আলমকে গুলি করেছে সন্ত্রাসীরা। জড়িতদের খুঁজে বের করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
গুলিবিদ্ধ আলমের ভাতিজা জাবেদ জানান, তার চাচা আলম খান রামপুরা থানাধীন টিভি সেন্টারের পাশে নির্মাণাধীন একটি ভবনের সাইট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার দুপুর ২টার দিকে তিনি সেখানে গেলে ৫/৬ সন্ত্রাসী তাকে ডেকে গলির ভিতরে নিয়ে ডান পায়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। জাবেদ আরো জানান, আলম মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার শিমুলিয়াভাঙ্গা গ্রামের (মৃত) জাবেদ খানের পুত্র।