খালেদা জিয়ার সফর উপলক্ষে বগুড়ায় বিএনপির গণসংযোগ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালোদা জিয়ার রবিবারের জয়পুরহাট সফরকে কেন্দ্র করে বগুড়ায় গণসংযোগ করেছে দলটির নেতা-কর্মীরা। দলীয় সূত্র জানায়, বেগম খালেদা জিয়া রবিবার জয়পুরহাটে এক জনসভায় ভাষণ দেবেন। এর আগে শনিবার ঢাকা থেকে সড়কপথে বগুড়ায় পৌঁছাবেন। রাতে বগুড়া সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। এ উপলক্ষে শুক্রবার সকালে বগুড়া জেলা বিএনপি শহরের বিভিন্নস্থানে গণসংযোগ করেছে। গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনসহ দলীয় নেতাকর্মীরা। গণসংযোগকালে তারা খালেদা জিয়ার সফরকে সফল করার আহ্বান সংবলিত লিফলেট বিতরণ করেন।