কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাপের আতঙ্ক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ২০ জুন ২০১৪, ২১:০৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিনটি বিষাক্ত সাপ মারা হয়েছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাপ আতঙ্ক বিরাজ করছে। শিক্ষকদের ডরমেটরির সামনে থেকে একটি বিরল প্রজাতির এক পাহাড়ী সাপ ও কাজী নজরুল ইসলাম হলের পশ্চিম ব্লক থেকে তিনটি সাপ মারা হয়েছে। কখনো হলের বারান্দায়, কখনো টয়লেটে, আবার কখনো গোসলখানায় এসব বিষাক্ত পাহাড়ী সাপ দেখা যায়।
অর্থনীতি বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী তন্ময় রাতে টয়লেট ব্যবহারের জন্য গিয়ে সাপ দেখতে পায়। অল্পের জন্য তন্ময় সাপের ছোবল থেকে রক্ষা পান।
কাজী নজরুল ইসলাম হলের কেয়ারটেকার এরশাদ আলী বলেন, সাপ নিধনের জন্য একাধিকবার কার্বোলিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে। আশা করি সাপ আর দেখা যাবে না।