শেরপুর সদর উপজেলা নির্বাচন সংক্রান্ত রিট খারিজ
প্রকাশ : ২০ জুন ২০১৪, ২১:০৮
শেরপুর সদর উপজেলা নির্বাচন নিয়ে দাখিল করা রিট আবেদন হাইকোর্ট গত বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন। সেই সাথে এ নির্বাচনের ওপর দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এ আদেশের ফলে শেরপুর সদর উপজেলা নির্বাচন করতে আপাতত আর কোনো আইনগত বাধা নেই বলে সংশ্লিষ্ট আইনজীবীগণ জানিয়েছেন। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ রিট আবেদন খারিজ করে এ রায় প্রদান করেন। গত ২৩ মার্চ এ নির্বাচন হওয়ার কথা ছিল। আলমগীর হোসেনের এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট গত ২০ ফেব্রুয়ারি এ উপজেলার নির্বাচনী কার্যক্রমের ওপর স্থাগিতাদেশ দেন। সীমানা বিরোধ নিয়ে এ রিট আবেদন করা হয়। এ আদেশের পর ঐ নির্বাচনে অন্যতম চেয়ারম্যান পদপ্রার্থী ছানোয়ার হোসেন ছানু হাইকোর্টে পক্ষভুক্ত হন।