আসন ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রী হয়রানি বন্ধ ও বাড়তি ভাড়া আদায় বন্ধে সব ধরনের পদক্ষেপ নিয়েছে মাদারীপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে শিবচরের ইলিয়াছ আহমেদ চৌধুরী কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন যানবাহন, নৌযান, ফেরি সংশ্লিষ্টদের সঙ্গে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিসি এসপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিবহনসহ সকল ক্ষেত্রে কেউ যদি অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এবার ঈদে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনে বিধি-নিষেধ, যাত্রী চাপ বাড়লে ফেরিতে পারাপার, সন্ধ্যার পর স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা, সড়ক পরিবহনের ক্ষেত্রে ভাড়া ও অতিরিক্ত যাত্রী উঠানোতে নিষেধাজ্ঞা, লঞ্চের কাটা সার্ভিস কাওড়াকান্দি ঘাটে স্থানান্তর, যাত্রীদের সেনিটারি নিশ্চিতকরণ, ধারণ ক্ষমতার বাইরে যাত্রী বহনে নিষেধাজ্ঞা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে বিশৃঙ্খলা ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ঈদের আগে-পরে ঘাট প্রশাসন নিয়ন্ত্রণ করাসহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।
আরো পড়ুন: মেয়র আতিকুল মন্ত্রী, লিটন-খালেক প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন
জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শামসুদ্দিন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আবির হোসেন, ওসি জাকির হোসেন মোল্লা, পুলিশ পরিদর্শক উত্তম কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান মোহসেনউদ্দিন সোহেল বেপারি, পরিবহন সেক্টরের অন্যতম নেতা বাচ্চু খলিফা, ফারুক বেপারী, খোকা মাদবর, ডাবলু বেপারীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যানবাহন মালিক শ্রমিক নেতারা।
ইত্তেফাক/এমআই