উন্নয়নে সরকার ও জনগণের যৌথ অংশীদারিত্ব প্রয়োজন
নাসিম আলী ও ফজলুর রহমান, ভান্ডারিয়া (পিরোজপুর) থেকে
প্রকাশ : ২০ জুন ২০১৪, ২১:৪৯
দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, একটি সুন্দর রাষ্ট্র তৈরী করতে নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে তোলা আমাদের কর্তব্য। তরুণ নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে দেশে নতুন পরিবেশ সৃষ্টি করতে হবে।
তিনি গতকাল শুক্রবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়নসহ দেশের সকল ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনের জন্য জনগণের সর্বাত্মক অংশ গ্রহণ আজ সময়ের দাবি। ভাল মানুষ তৈরী করে এমন একটি সমাজ ব্যবস্থা আমাদের গঠন করা প্রয়োজন যেখানে ভবিষ্যত্ প্রজন্ম তাদের বিকাশের উপযোগী সকল ধরনের সুযোগ পায়। স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের যৌথভাবে কাজ করার ব্যবস্থা সৃষ্টি করা গেলে গ্রামে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, রাস্তা-ঘাট, বিদ্যুত্সহ বিভিন্ন অবকাঠামোর সুবিধাকে কাজে লাগিয়ে গ্রামের নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব। বিশেষতঃ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনধারণে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া খুবই অপরিহার্য। তৃণমূলে আজও কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা নিশ্চিত করা যায়নি। তাই উন্নয়ন ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে গ্রামকে বিবেচনা করা জরুরী হয়ে পড়েছে। এ ক্ষেত্রে সরকার ও জনগণের যৌথ অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় পর্যায়ের উন্নয়ন সাধন করতে হবে। গ্রামের অবহেলিত কৃষকদের উত্পাদন ক্ষমতা বৃদ্ধিতে এ যৌথ প্রয়াসকে বিশেষ গুরুত্ব দিতে আমাদের উদ্যোগী হওয়া প্রয়োজন। পাশাপাশি অধিকার প্রতিষ্ঠায় গ্রামীণ নারী উপেক্ষার সনাতনী ধারা থেকে ক্রমান্বয়ে ইতিবাচক পরিবর্তনের পথে যেভাবে অগ্রসর হচ্ছে তাতে আমাদের আশান্বিত হওয়ার কারণ সৃষ্টি হয়েছে। মেয়েদের শিক্ষার প্রতি দৃশ্যমান আগ্রহকে সদ্ব্যবহার করে একটি সমৃদ্ধ জাতি গঠনের সুযোগ আমরা কাজে লাগাতে চাই। আজকের মাধ্যমিক পর্যায়সহ শিক্ষার সকল পর্যায়ে মেয়েদের অগ্রগতি খুবই আশাব্যঞ্জক।
তাসমিমা হোসেন বলেন, ভান্ডারিয়ায় নারী শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। এ এলাকার সংসদ সদস্য পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গত ৩০ বছর ধরে ভান্ডারিয়াসহ এ অঞ্চলের মানুষের জীবনধারণে যে সহযোগিতা করে আসছেন তাকে কাজে লাগিয়ে এলাকাবাসীর জীবন মানের উন্নয়ন সাধনে সকলের সমর্থন ও একতা প্রয়োজন। বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করছে। আমরাও সরকারের সাথে থেকে জনগণের মঙ্গল নিশ্চিত করতে চাই।
ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জ্বল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী বজলুর রশীদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সমাজ সেবক মজিবুর রহমান মৃধা, ভান্ডারিয়ার ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ইকড়ির ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন তালুকদার বাবু, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান, স্থানীয় সমাজ সেবী এনামুল ইসলাম মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জাতীয় পার্টি (জেপি) ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা উপলক্ষে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিকালে ভান্ডারিয়ায় দুঃস্থ কল্যাণ সংস্থার নেত্রীদের সাথে এক সভায় সংস্থার সভানেত্রী তাসমিমা হোসেন বলেন, নারীরা আজ সচেতন হচ্ছে। আগের তুলনায় এ ক্ষেত্রে অগ্রগতি সন্তোষজনক, নিজেদের অধিকার প্রতিষ্ঠায় আজ তারা অনেক বেশী সক্রিয়। ১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন ব্যবস্থা চালুর মাধ্যমে দেশ জুড়ে হাজার হাজার নারীর নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। যার সুফল আজ আমাদের সমাজে স্পষ্ট। নারীরা স্বাবলম্বী না হলে ভারসাম্যমূলক সমাজ প্রতিষ্ঠা করা যাবে না। আমাদের এমন একটি ভারসাম্যমূলক পদ্ধতি বা ব্যবস্থার মাধ্যমে কাজ করতে হবে যার দ্বারা সঠিক ও যোগ্য মানুষ তৈরী হয়। পুরোনো ধ্যান-ধারণা-চিন্তা বদলাতে হবে। সময় উপযোগী মানসিকতা তৈরী করে নারীদের তাদের সন্তানদের যোগ্য নাগরিক করে গড়ে তুলতে দুঃস্থ কল্যাণ সংস্থা এ এলাকায় যে ভূমিকা রেখে আসছে তা ভবিষ্যতে আরও জোরদার করা হবে। নার্সিং পেশা, কুটির শিল্প, হাঁস-মুরগী পালন, সেলাই, গাছ লাগানো ইত্যাদি কাজে নারীদের অংশগ্রহণকে নিশ্চিত করতে এ সংস্থা কাজ করে যাবে। ভান্ডারিয়া, কাউখালী ও জিয়ানগর উপজেলার নারী নেত্রীদের এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ, সংগঠক শাহআলম নসু, নারী নেত্রী সুরাইয়া শিউলী, আভা রানী রায়, নিলুফার বেগম ও শারমীন সুলতানা।
অনুষ্ঠানে ভান্ডারিয়ার উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় তাসমিমা হোসেন পূর্ব ভান্ডারিয়ায় রূপালী মত্স্য সমবায় সমিতির এক দোয়া মাহফিলে শরিক হন। সমিতির সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শরিক হন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জ্বল, ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান, সমাজ সেবক আবুল কালাম পোদ্দার, যুব সংহতির নেতা শহীদুজ্জামান রাজু মল্লিক, নাসির উদ্দীন সরদার দুলাল, মনিরুল ইসলাম সরদার, মিঠু বিশ্বাস, কবির খান, শাহ আলম সরদার, ছাত্র সমাজের নেতা মোস্তফা সিকদার, মামুনুর রশীদ, রাহাত জোমাদ্দার, শিমুল আকন, শিশির দত্ত, আফজাল সরদার মামুন ফরাজী প্রমুখ।
সকালে জিয়ানগর উপজেলার ইউএনও সিদ্ধার্থ শংকর কুন্ড, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার, জেপি’র আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আসাদুল কবির তালুকদার স্বপনের নেতৃত্বে গণ্যমান্য ব্যক্তিরা তাসমিমা হোসেনের সাথে তার ভান্ডারিয়ার বাসভবনে সৌজন্য সাক্ষাত্ করেন। ভোরে বরিশাল লঞ্চঘাটে তাঁকে অভ্যর্থনা জানান ইত্তেফাকের বরিশালের ব্যুরো চীফ লিটন বাশার, জেপি নেতা জাকির হোসেন সুলতান প্রমুখ।