আর্জেন্টাইন সমর্থক ফেরত!
সোহেল সারোয়ার চঞ্চল বেলে হরিজোন্তে ব্রাজিল
প্রকাশ : ২০ জুন ২০১৪, ২১:৫১
আর্জেন্টিনার ম্যাচ দেখতে ব্রাজিলের হরিজোন্তে শহরে আর্জেন্টাইনদের ভীড় পড়ে গেছে। প্রায় ৩০ হাজার সমর্থক এখন এই শহরে ঘোরা ফেরা করছে। আধুনিক শহরটাতে অনেক ফ্ল্যাট তৈরি করা হয়েছে ফুটবল উপলক্ষে। সেখানে আর্জেন্টাইন ধনীরা উঠেছেন পরিবার নিয়ে। অনেকেই হোটেলে জায়গা না পেয়ে পথেই আবাস গড়েছেন। ব্রাজিল সমর্থকরাও খেলা দেখতে যাবেন। তবে তারা খুব বেশি চিন্তিত না ম্যাচ নিয়ে। কারণ তারা নিজের দেশের খেলার প্রতি বেশি আগ্রহ দেখায়। স্টেডিয়াম এলাকায় আর্জেন্টাইন সমর্থকরা বেশ সতর্ক। কারণ দুদিন আগে সাও পাওলো শহরে উরুগুয়ে ইংল্যান্ড ম্যাচে ইংলিশ সমর্থকরা মার খেয়েছেন। ওই ম্যাচে ইংল্যান্ড ১-২ গোলে হেরেছে উরুগুয়ের কাছে। ব্রাজিলীয়ান ফুটবল গুন্ডারা ইংলিশ সমর্থকদের উপর হামলা চালিয়েছে। আর তাতে অন্তত আট জন দর্শক আহত হয়েছেন। এই খবর অন্যান্য সমর্থকদের কাছে পৌঁছে যাওয়ার পর তারাও খুব সতর্ক। ব্রাজিলে এসে কোনো অঘটনের শিকার যাতে না হতে হয় তার জন্য বিদেশি ফুটবল দর্শকরা চোখ-কান খোলা রাখছেন। পথে সবার সাথে কথাও বলতে চাইছেন না। এমনিতেই আগে থেকে সবার জানাই আছে ব্রাজিলে গেলে কোনো না কোনো অঘটনের শিকার হওয়ার সুযোগ থাকছে। খেলার বাইরেও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। আয়োজক দেশের সংশ্লিষ্টরাই এমন কথা ফিসফিস করে বলছেন সবার কাছে। বিশ্বকাপ শুরুর আগে থেকেই সাবধান হওয়ার কথা কানে তুলে দিয়েছেন। আর সেই সময় ইংলিশ সমর্থকরা খোদ ব্রাজিলের ফুটবল সমর্থকদের কাছে পিটুনি খাওয়ার পর অন্যরাও সচেতন। আরো সচেতেন আর্জেন্টাইন সমর্থক। চিলি স্পেনের ম্যাচের দিন রিও ডি জেনেরিওতে চিলিয়ানরা হামলা করেছিল স্টেডিয়ামে। বিনা টিকিটে ঢুকতে গিয়ে মারামারিও করেছে। সন্ত্রাসী হামলা মনে করে অনেকে ভয়ে মিডিয়া সেন্টার ছেড়ে চলে যায়। পরিস্থিতি অনুকূলে নিয়ে পুলিশ ধরে নিয়ে যায় ৮৫ চিলিয়ানকে। এই ঘটনার সাথে যোগ হয়েছে ইংলিশ সমর্থকদের উপর হামলা। যে কারণে এখন বেলে হরিজোন্তে আর্জেন্টিনরা ইরানের ম্যাচে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বেলে হরিজোন্তের শহরে রাতভর পুলিশ পাহারা ছিল। আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের নজরদারি চোখে পড়ার মতোই। শহরে নতুন কাউকে দেখলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পাসপোর্ট আছে কিনা, ব্রাজিলের কার্ড আছে কিনা। কোথায় থেকে এসেছেন, কোথায় যাবেন নানা প্রশ্ন করা হয়। আর্জেন্টাইন সমর্থক পেলে একটু বেশিই জিজ্ঞাসা করছেন ব্রাজিলের ফেডারেল পুলিশ। কারণ তাদের কাছে খবর আছে আর্জেন্টাইনরা অঘটন ঘটাবেন। সাও পাওলোতে আর্জেন্টিনা বসনিয়া হার্জেগোভিনার ম্যাচের আগে স্টেডিয়ামের সামনে আর্জেন্টাইন সমর্থক নিজেরা নিজেরাই মারামারিতে জড়িয়ে পড়েছিলেন।
ব্রাজিলে ফেডারেল গভর্মেন্ট বিভিন্ন দেশ থেকে সন্ত্রাসীদের তালিকা সংগ্রহ করেছে। কারা কারা ফুটবল খেলা চলাকালীন সমস্যা সৃষ্টি করে তাদের তালিকা হাতে নিয়ে ব্রাজিলের প্রবেশপথে পাহারা বসিয়েছে। এরই মধ্যে বেশ কিছু আর্জেন্টাইন সমর্থকদের ব্রাজিলের সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে। অনেক ইংলিশ সমর্থকদের ব্রাজিলে আসার অনুমতি দেয়া হয়নি। আর ব্রাজিল তাদের নিজেদের সন্ত্রাসী তালিকাটি ফেডারেল পুলিশের হাতে দিয়েছে। নাম মিলে গেলেই জেলে যেতে হবে। ইরানের সাথে আর্জেন্টিনার ম্যাচ। ইরান থেকেও সমর্থক এসেছেন বেলে হরিজোন্তে।