মৃদু চোটে আক্রান্ত কোম্পানি

ইনজুরির কারণে গত বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি বেলজিয়াম অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। তবে কোচ মার্ক উইলমর্ট ভক্তদের আশ্বস্ত করে জানান কুচকির সামান্য আঘাতের কারণে গতকাল দলের সঙ্গে অনুশীলন করেননি কোম্পানি। এইচ গ্রুপে আগামীকাল বেলজিয়াম নিজেদের দ্বিতীয় ম্যাচে রাশিয়ার বিরুদ্ধে খেলবে। তবে এ ম্যাচে ম্যানচেস্টার সিটি ডিফেন্ডারের খেলা নিয়ে সন্দেহ রয়েছে- এমন কোন আভাস দেননি উইলমর্ট। নিজের টুইটার অ্যাকাউন্টে উইলমর্ট লিখেছেন, ‘কুচকিতে সামান্য আঘাতের কারণে কোম্পানি আজ কোন অনুশীলন করেনি। দলের মেডিক্যাল স্টাফদের সঙ্গে সে আজ একাকী কিছু কাজ করেছে।’ দলের প্লে মেকার ইডেন হ্যাজার্ড বুধবারের অনুশীলন মিস করেছেন। তবে বৃহস্পতিবার অনুশীলন করেছেন। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ২-১ গোলে পরাজিত করে গ্রুপের শীর্ষে রয়েছে বেলজিয়াম।