ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
৬০ কিমি যানজট
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২০ জুন ২০১৪, ২২:১০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম অংশের বারইয়ারহাট থেকে সিটি গেইট পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। গত দুই দিনের টানা বর্ষণে সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়। এসব গর্তে পড়ে একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন হাজার হাজার যাত্রী।
গত বৃহস্পতিবার বিকাল থেকে সৃষ্টি হওয়া যানজটের মধ্য থেমে থেমে কচ্ছপ গতিতে গাড়ি চলাচল করলেও কিছুতেই যানজট নিরসন হচ্ছে না। এছাড়া চারলেন প্রকল্পের মন্থর গতির কাজের কারণেও বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে সড়কের বিভিন্ন জায়গায় অনেক চেষ্টা করেও যানজট নিরসন করতে পারছে না হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার রাত নয়টায় চট্টগ্রামের একে খান গেট থেকে মিরসরাই সদরে আসার উদ্দেশ্যে শ্যামলী পরিবহনের একটি বাসে ওঠেন ব্যবসায়ী রিয়াজ উদ্দিন। একে খান থেকে দুই ঘন্টায় তার গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও যানজটে আটকা পড়ে তিনি মিরসরাই এসে পৌঁছান রাত তিনটায়। বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় অলংকার থেকে বাসে উঠেন মেজবাহ উদ্দিন। তীব্র যানজটের কবলে পড়ে শুক্রবার সকাল দশটায় তিনি মিরসরাই পৌঁছান।
শুক্রবার সকালে মহাসড়কের কমলদহ এলাকায় কথা হয় চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের রায়পুরগামী জোনাকী পরিবহনের যাত্রী আমান উল্লাহ ও শামীমের সাথে। তারা বলেন, বৃহস্পতিবার রাত ১১টায় বাসে উঠেছিলাম। শুক্রবার সকাল ১১টায় কমলদহ এলাকায় এসেছি। অথচ রাত তিনটার মধ্যে বাড়ি চলে যাওয়ার কথা। যানজটে আটকে আছি, কখন বাড়ি পৌঁছাব বুঝতে পারছি না। এভাবে যানজটে আটকে আছে এ সড়কে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী, চালক, বাস ও পণ্যবাহী ট্রাক-ক্যাভার্ডভ্যান।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মেহেদী হাসানের সাথে কথা হয় গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে। তিনি তখন বড়দারোগাহাট এলাকায় যানজট নিরসনের চেষ্টা করছেন। তিনি বললেন, পরিস্থিতি খুব নাজুক। বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টির মধ্যেই যানজট নিরসনের চেষ্টা করে যাচ্ছি। কিন্তু কিছু চালক এলোপাতাড়ি গাড়ি রাখার কারণে যানজট নিরসন করতে আমাদের খুব কষ্ট হচ্ছে। বিকল হওয়া গাড়িগুলোও উদ্ধারের কাজ চলছে।
কাভার্ড ভ্যান উল্টে নিহত ১
সীতাকুণ্ড (চট্টগ্রাম) থেকে আমাদের সংবাদদাতা জানান, ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের ফলে সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় গতকাল বিকালে একটি কাভ্যার্ড ভ্যান রাস্তার পাশে উল্টে গেলে রঞ্জন বড়ুয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গরু নিয়ে বাড়ি ফেরার সময় তিনি উল্টে যাওয়া কাভ্যার্ড ভ্যানের তলায় চাপা পড়েন।