বিসিএস নতুন বিজ্ঞপ্তি প্রকাশে
বিলম্ব, বাড়ছে হতাশা
প্রকাশ : ২০ জুন ২০১৪, ২২:১২
৩৫তম বিসিএসের আবেদন আহবানে ‘স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময়’ নিচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য আবেদন করা হলেও এ বছর জুন মাস শেষ হতে চললেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। কবে নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তাও নির্দিষ্ট করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা।
বিসিএস পরীক্ষার নতুন নীতিমালা চূড়ান্ত করতে বিলম্ব হওয়াতেই নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশে দেরি হচ্ছে বলে জানা গেছে। ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের ১৭ মাসেও ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়ায় সরকারি চাকরি প্রার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্বাভাবিক সময়ে বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়ায় নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর আবেদন করতে পারবেন না অনেক আবেদন-ইচ্ছুকরা। বিজ্ঞপ্তি প্রকাশে যত দেরি হবে বঞ্চিত প্রার্থীর সংখ্যাও তত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
পিএসসি সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ইতিমধ্যে এই বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি, ৩২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি ২০১১ সালের ১৯ অক্টোবর এবং ৩১তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০১১ সালের ২৬ জানুয়ারি প্রকাশ করে পিএসসি।
বিসিএসের আবেদন বিজ্ঞপ্তি প্রকাশের সময় বিবেচনায় রেখে চাকরি প্রার্থীরা প্রস্তুতি গ্রহণ করে থাকেন। চাকরির বয়সসীমা ৩০ বছর হওয়ায় নির্দিষ্ট সময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন চাকরি প্রার্থীরা। এ সময়ে বিজ্ঞপ্তি প্রকাশ না করলে পরীক্ষার জন্য অপেক্ষায় থাকা অনেকেরই বয়সসীমা পেরিয়ে যাওয়ায় আবেদন করতে পারেন না। এ প্রসঙ্গে চাকরি প্রার্থী সুজন ঘোষ বলেন, ‘৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তির জন্য আমি অপেক্ষা করেছিলাম। গত এপ্রিলের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করলেও আমি আবেদন করতে পারতাম। কিন্তু এখন আর পারব না।’
৩৫তম বিসিএসের জন্য প্রস্তুতি গ্রহণরত চাকরি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. আল আমিন বলেন, ৩৪তম বিসিএসের প্রিলিমিনারী ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছি। এ পরীক্ষায় কেমন ফলাফল করব, জানি না। ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছি। এ পরীক্ষার প্রস্তুতি অন্য পরীক্ষার চেয়ে ভিন্ন। তাই যত দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তত দ্রুত অপেক্ষার অবসান ঘটবে।
এ বছরের জানুয়ারিতেই তত্কালীন জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার (বর্তমানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব) জানিয়েছিলেন, ৩৫তম বিসিএসের জন্য বিভিন্ন ক্যাডারে এক হাজার ১৪৯টি পদ অনুমোদন দেয়া হয়েছে, শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সংসদে একই তথ্য দেন। কিন্তু এখন পর্যন্ত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
এ প্রসঙ্গে জানতে পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদের অফিসে যোগাযোগ করলে জানানো হয়, তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তবে গত মে মাসের শেষ সপ্তাহে এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, বিসিএস পরীক্ষায় নতুন কিছু নিয়ম যুক্ত হচ্ছে। ৩৫তম বিসিএস থেকেই এটি যুক্ত করার চেষ্টা থাকবে।
পিএসসির একজন সদস্য জানান, নতুন নীতিমালা সচিব কমিটিতে অনুমোদন করা হয়েছে। মন্ত্রিসভায় এটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নীতিমালা চূড়ান্ত করার জন্য তারা অপেক্ষা করছেন। তবে পিএসসি চেয়ারম্যান দেশে আসার পর বিষয়টি তিনি চেয়ারম্যানের নজরে আনবেন বলে জানান।