বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ, ভারী বর্ষণ হতে পারে

উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে মৌসুমী লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে প্রবলভাবে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এছাড়া গভীর সঞ্চয়নশীল মেঘমালা সৃষ্টি হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। এর প্রভাবে শুক্রবার বিকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মেঘমালার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-২ ফুট অধিক উচ্চতায় প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২৬৭ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়া সীতাকুন্ডে ১৬৬ মি.মি., সন্দ্বীপে ১৫৫ মি.মি., চাঁদপুরে ১২৪ মি.মি., হাতিয়ায় ১২১ মি.মি., কতুবদিয়ায় ১১৫ মি.মি. বৃষ্টিপাত হয়েছে।