আজ কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ২৩তম মৃত্যুবার্ষিকী
মংলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২০ জুন ২০১৪, ২২:২১
অকাল প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর (১৯৫৬-১৯৯১) ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। মাটি ও মানুষের প্রতি আমূল দায়বদ্ধ শিল্পমগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তর দশকের অন্যতম কবি স্বীকৃতি। তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক এই কবি তার কাব্যযাত্রায় যুগপত্ ধারণ করেছেন দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের শিল্পভাষ্য। ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’—এই নির্মম সত্য অবলোকনের পাশাপাশি তিনি উচ্চারণ করেছেন—‘ভুল মানুষের কাছে নতজানু নই’।
মাত্র ৩৪ বছরের স্বল্পায়ু জীবনে তিনি ৭টি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’সহ অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। দিনটি স্মরণে রুদ্র স্মৃতি সংসদ কবির গ্রামের বাড়ি মংলার মিঠেখালিতে আজ সকালে কবরে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে। বিকালে সংসদ কার্যালয়ে কবির স্মরণে আলোচনা ও রুদ্র সংগীত অনুষ্ঠিত হবে।