আন্দোলনে ব্যর্থ হয়ে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বিএনপি

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগের কেন্দ ীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম এনামুল হক শামীমের উপর হামলার ঘটনায় বিএনপির সম্পৃক্ততা রয়েছে। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। ‘শামীমের উপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর আওয়ামী লীগ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ প্রমুখ। বিএনপি নেত্রীর উদ্দেশ্যে সাহারা খাতুন বলেন, কি কারণে শামীমকে হত্যা চেষ্টা করেছেন? নির্বাচনের আগে আন্দোলনের নামে পুলিশ-শ্রমিকসহ অনেক মানুষ হত্যা করেছেন। আর কত হত্যাকাণ্ড ঘটাতে চান? শামীমের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ষড়যন্ত্র চলছে। তাই সবাই সতর্ক থাকুন। যাতে আর কেউ আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর হামলা করতে না পারে এজন্য প্রস্তুত থাকতে হবে। মাহবুব-উল-আলম হানিফ বলেন, জনগণের মধ্যে এখন প্রশ্ন দেখা দিয়েছে, পঁচাত্তরের পর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, শামীমের ওপর হামলা সেই প্রক্রিয়ারই একটি অংশ কিনা? এই হত্যাচেষ্টার সঙ্গে কারা জড়িত আইন-শৃংখলা বাহিনীকে শিগগিরই তদন্ত করে খুঁজে বের করতে হবে। তারেক রহমানকে বাংলাদেশে নষ্ট রাজনীতির হোতা দাবি করে তিনি বলেন, ২০০১ সাল থেকে আজ অবধি যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, তার প্রত্যেকটির পেছনে খালেদা জিয়া ও তারেক রহমানের যে যোগসূত্র রয়েছে তা প্রমাণিত হয়েছে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, শামীমের ওপর হামলার ঘটনা দেশকে অস্থিতিশীল করার একটি ষড়যন্ত্র। আবার তাড়া পায়ে পারা দিয়ে ঝগড়া করতে চায়। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সমস্ত চোরাগোপ্তা হামলা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করবেন না। ২০১৯ সালের আগে নির্বাচন হবে না। তার আগে অযথা দেশকে উত্তপ্ত করার ষড়যন্ত্র করবেন না।