মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

এক দশক পর মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। সম্মেলন সফল করতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। গুরুত্বপূর্ণ সড়ক তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকছেন দলের উপদেষ্টা ও শিল্পমন্ত্রী তোফায়েল আহম্মেদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সম্মেলনের উদ্বোধন করবেন। সর্বশেষ ২০০৪ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল শহরের পুরনো কাছারীর বালুর মাঠে। বিএনপির শাসনামলে আওয়ামী লীগের সেই সম্মেলন জাতীয়ভাবে আলোচিত ছিল। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব লুত্ফর রহমান জানান, বর্তমান সভাপতি মো. মহিউদ্দিন এবারও সভাপতি প্রার্থী। এই পদে এখনো কোন প্রার্থী নাম শোনা যায়নি। সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম-সম্পাদক তোফাজ্জল হোসেন প্রার্থী হচ্ছেন। এছাড়া বর্তমান সাধারণ সম্পাদক লুত্ফর রহমান এবারও প্রার্থী হবেন। এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সভাপতি মো. মহিউদ্দিনের সাথে তার অনুজ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান আনিস-উজ-জামানের বিরোধ মিটে যাওয়ায় সংগঠনটি আরো শক্তিশালী হয়েছে। তাই এবার আনিস-উজ-জামান গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।