এবার মধ্যম স্তরের করদাতাদের জন্য চালু হচ্ছে এমটিইউ
প্রকাশ : ২১ জুন ২০১৪, ২০:৪৯
বৃহত্ করদাতাদের পাশাপাশি মধ্য স্তরের করদাতাদের উপর নজরদারি বাড়াতে বৃহত্ করদাতা ইউনিটের (এলটিইউ) আাাদলে ‘মিডল ট্যাক্স পেয়ার ইউনিট বা এমটিইউ খোলার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিটি বিভাগে এলটিইউ চালু হওয়ার পর এই কার্যক্রম শুরু করতে চায় এনবিআর। এর মাধ্যমে ক্ষুদ্র ও বৃহত্ করদাতাদের পাশাপাশি মধ্যম স্তরের করদাতাদের আলাদা শ্রেণীভূক্ত করে তাদের সেবা দিবে এমটিইউ। অবশ্য এর আগে দেশের সব বিভাগীয় শহরে এলটিইউ’র কার্যক্রম শুরু করা হবে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে এলটিইউ’র কার্যক্রম চলমান রয়েছে। এর বাইরে খুলনায় শিগগিরই চালু হবে এলটিইউ।
এনবিআর সদস্য সৈয়দ আমিনুল করিম এ প্রসঙ্গে ইত্তেফাককে বলেন, আগামী তিন চার মাসের মধ্যে খুলনায় এলটিইউ’র কার্যক্রম চালু হবে। সব বিভাগে এলটিইউ চালু হওয়ার পর পর্যায়ক্রমে এমটিইউ চালু করা হবে। এর মাধ্যমে মধ্যম স্তরের করদাতাদের সেবাদান নিশ্চিত করা হবে। এর মাধ্যমে বিদ্যমানে পদ্ধতিতে কার্যগত পরিবর্তন আনা হবে। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে এমটিইউ’র কার্যক্রম চালু করা হবে।
এনবিআর সূত্র জানিয়েছে, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটি অ্যান্ড ট্যাক্স পেয়ারস সার্ভিস (ট্যাক্টস) প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরে এলটিইউ খোলা হবে। এ ক্ষেত্রে সহযোগিতা করছে যুক্তরাজ্যের সহযোগিতা সংস্থা (ডিএফআইডি)।
সূত্র জানায়, নতুন ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় আহরণের প্রধান খাত ধরা হয়েছে আয়কর বা প্রত্যক্ষ কর খাতকে। এনবিআরের প্রধান তিনটি খাতের মধ্যে আয়কর থেকে নতুন অর্থবছরে সর্বোচ্চ ৫৭ হাজার ৫শ’ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এজন্য সব ধরনের করদাতাদের হয়রানিমুক্ত সেবা দিয়ে এ লক্ষ্যমাত্রা পূরণের পরিকল্পনা নিচ্ছে আয়কর অনুবিভাগ। এরই পরিপ্রেক্ষিতে প্রত্যেক কর অঞ্চলে এমটিইউ খোলার পরিকল্পনা নেয়া হয়েছে।
জানা গেছে, কোম্পানি সার্কেলের আওতায় বিভাগীয় শহরগুলোতে করপোরেট করদাতাদের কর সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়। একটি সার্কেলে কয়েক হাজার করদাতা থাকায় বড় প্রতিষ্ঠানের ওপর নজরদারি করা সম্ভব হয় না। এসব দিক বিবেচনা করে কর্পোরেট করদাতাদের ওপর মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা সেই সব প্রতিষ্ঠান এলটিইউ আওতাভুক্ত করা হবে। আর যেসব প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠান আগেই এলটিইউ ভুক্ত হয়ে রয়েছে সেগুলোর ক্ষেত্রে ৫ কোটি টাকা পরিশোধিত মূলধন না হলেও এলটিইউ ভুক্ত করা হবে। প্রসঙ্গত, দেশের বৃহত্ প্রতিষ্ঠানগুলোর কর এবং ভ্যাট দেয়ার সুবিধার্থে ডিএফআইডি সহযোগিতায় ২০০৩ সালের নভেম্বরে এলটিইউ চালু হয়। এরপর থেকে দেশের রাজস্ব আদায়ে এলটিইউ ভ্যাট এবং কর বিভাগ সবচেয়ে এগিয়ে।
২০১৪-১৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে এনবিআরের জন্য রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা। এর মধ্যে আয়কর থেকে ৫৭ হাজার ৫০০ কোটি টাকা, মূল্য সংযোজন কর (ভ্যাট) খাত থেকে ৫৫ হাজার ৫৮০ কোটি টাকা ও আমদানি শুল্ক থেকে ৩৬ হাজার ৬৪০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।