নবীনগর উপজেলা চেয়ারম্যানের
সরকারি বাসভবনে হামলা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ২১ জুন ২০১৪, ২১:১৩
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার চেয়ারম্যানের সরকারি বাসভবনে শুক্রবার রাতে এক দুর্বৃত্ত চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যে ভবনের দরজার তালা ভেঙে ঢুকে তাকে না পেয়ে বাসার আসবাবপত্র তছনছ ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। চেয়ারম্যান তার নিরাপত্তা চেয়ে এবং এ ঘটনায় নবীনগর থানায় বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন।
তিনি বলেন, ওই রাতে আমি আমার সরকারি বাসভবনে অবস্থান করছি ভেবে তার রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে আমাকে হত্যা করতে এ হামলা চালায়। কিন্তু ভাগ্য ভাল আমি ওই রাতে রসুল্লাবাদ গ্রামে আমার নিজ বাসভবনে রাত্রিযাপন করেছিলাম’। গতকাল শনিবার সকালে এ ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল ও দলের সাধারণ সম্পাদক এম হালিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাংসদ স্থানীয় প্রশাসনকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।