ব্রাজিলকে এড়াতে সতর্ক চিলি

যে কোন মূল্যে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলকে এড়াতে চায় চিলি। আর সেটা সম্ভব হবে যদি তারা গ্রুপপর্বের শেষ খেলায় নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে গ্রুপ সেরার খেতাবটা অর্জন করতে পারে। চিলির মধ্যমাঠের খেলোয়াড় কার্লোস কারমোনার কথাতেও তেমন ইঙ্গিত পাওয়া গেছে। ২৭ বছর বয়সী এই খেলোয়াড় বলেন, গ্রুপ এ’তে ব্রাজিল চ্যাম্পিয়ন হতে পারে। তাই তাদের এড়াতে আমাদেরও গ্রুপ সেরা হতে হবে। গোল ব্যবধানে অনেকটাই এগিয়ে আছে নেদারল্যান্ডস। তাদের সাথে ড্র করলেও আমরা গ্রুপ সেরা হতে পারবো না। একারণে ডাচদের বিপক্ষে আগামীকালের খেলায় জেতার জন্যই আমরা মাঠে নামবো। ব্রাজিল গ্রুপ সেরা না হয়েও দ্বিতীয় রাউন্ডে যেতে পারে। এক্ষেত্রে ব্রাজিলকে এড়াতে হলে জর্জ সামপাওলির শিষ্যদের দ্বিতীয় হতে হবে। এতো সব সমীকরণ সামনে থাকলেও কারমোনার লক্ষ্য জয়-ই। তার মতে, ‘আমরা চাইবো দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের মুখোমুখি না হতে। তবে এর জন্য আমাদের পরিকল্পনার কোন পরিবর্তন হবে না। নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা নিয়েই মাঠে নামবো। ডাচদের বিপক্ষে জয়ই আমাদের প্রথম লক্ষ্য। এরপর দেখা যাবে কাদের মুখোমুখি হতে হয় আমাদের। কোনভাবে ব্রাজিলের মুখোমুখি হতে হলেও আমরা এখন সেটা নিয়ে ভাবতে চাই না। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করতে চাই। তাই এখন আমরা শুধু নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলা নিয়েই ভাবছি।’ নেদারল্যান্ডসের আক্রমণভাগ নিয়ে বেশ সতর্ক কারমোনা। যদিও এ ম্যাচে খেলবেন না ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি। ডাচদের বিপক্ষে ম্যাচ সম্পর্কে কারমোনা বলেন, ‘এখন পর্যন্ত আমরা আমাদের পারফরম্যান্স নিয়ে বেশ সন্তুষ্ট কিন্তু নেদারল্যান্ডস খুব শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে লড়ার জন্য আমরাও প্রস্তুত।’