ঝিনাইদহের বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুল

নির্মাণের চার বছর পেরিয়ে গেলেও চালু হয়নি

ঝিনাইদহে ৪ কোটি ১৭ লাখ ৬৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলটি নির্মাণের ৪ বছর পেরিয়ে গেলেও চালু হল না। অরক্ষিত অবস্থায় পড়ে আছে। চুরি হচ্ছে নানা সামগ্রী। জেলা সমাজসেবা দপ্তর সূত্রে জানা যায়, ২০০৫ - ২০০৬ অর্থ বছরে ঝিনাইদহ বাক ও শ্রবণ প্রতিবন্ধী আবাসিক স্কুল নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। প্রাক্কলিত ব্যয় ছিল ৩ কোটি ৪৪ লাখ ৩৫ হাজার টাকা। এটি নির্মাণে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ৭৩ লাখ ৩৩ হাজার টাকা বেশি ব্যয় হয়। একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ছাত্র ছাত্রীদের আবাসিক হোস্টেলসহ স্কুল কমপ্লেক্স নির্মাণ কাজ শেষ হয় ২০১১ সালে। তারপর থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুল কমপ্লেক্স অব্যবহূত অবস্থায় পড়ে আছে। নষ্ট হচ্ছে জানালা দরজা। সে সাথে চুরিও হচ্ছে কিছু কিছু সামগ্রী। এছাড়া স্কুলের জন্য আসবাবপত্র কেনা হয়েছিল প্রায় ৩০ লাখ টাকার। এগুলো জেলা সমাজসেবা দপ্তরের স্টোর রুমে ও সমাজসেবা বিভাগের মধুপুর এতিমখানায় পড়ে আছে। ইতিমধ্যে অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিন জানান, গণপূর্ত বিভাগ থেকে প্রতিষ্ঠানটি তাদের কাছে হস্তান্তর করা হয়নি। স্কুলের বাকি থাকা কিছু কাজ শেষ করা হয়নি এখনো। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক প্রতিষ্ঠানটি পরিদর্শন করে গেছেন। লোকবলও নিয়োগ হয়নি। প্রতিষ্ঠানটি চালুর জন্য শিক্ষক কর্মচারি মিলিয়ে ২৯ জন লোকবল নিয়োগের কথা আছে।