২০২১ সালের মধ্যে সব সরকারি প্রতিষ্ঠান ডিজিটাল হবে :জয়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০২১ সালের মধ্যে দেশের সব সরকারি প্রতিষ্ঠানকে ডিজিটাল করা হবে। একই সঙ্গে তিনি পরবর্তী গুগল, ফেসবুক ও ইউটিউবের মতো প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক একটি মতবিনিময় সভায় সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন। যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন বিভাগ এ মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশের ৬৪টি জেলা থেকে বেসিস পুরস্কারপ্রাপ্ত ফ্রিল্যান্সার, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের সেবকসহ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা মত প্রকাশ ও প্রশ্ন করেন। আর সজীব ওয়াজেদ জয় এসব প্রশ্নের উত্তর দেন। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় বলেন, একসময় বাংলাদেশের তথ্য প্রযুক্তিপণ্য প্রধান রপ্তানি দ্রব্য তৈরি পোশাককেও ছাড়িয়ে যাবে। তিনি বলেন, তথ্য প্রযুক্তি বাণিজ্য বাড়ানোর জন্য ১০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আসছে। এছাড়া দেশের বেসরকারি বিনিয়োগও আকৃষ্টের চেষ্টা চলছে। বাংলাদেশে বর্তমান প্রায় ৫ লাখ ফ্রিল্যান্স সফটওয়্যার ডেভেলপার রয়েছেন। এই সংখ্যা আরো বাড়ানো এবং ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য সরকার ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্প বাস্তবায়ন করছে। আগামী পাঁচ বছরে ফ্রিল্যান্সার তৈরি, অবকাঠামো উন্নয়ন ও তথ্য প্রযুক্তি পণ্যের রপ্তানি বাড়ানোই সরকারের প্রধান লক্ষ্য। আগামী পাঁচ বছরে দেশের আইসিটি খাত থেকে ১০০ কোটি ডলার রফতানি আয় করা সম্ভব। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব কামাল উদ্দিন, ইটুআইর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) পরিচালক শামীম আহসান প্রমুখ।