কালীগঞ্জে অপহৃত শিশু ঢাকা থেকে উদ্ধার, অপহরণকারী আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রাম থেকে গত শনিবার অপহরণ হওয়া ৪র্থ শ্রেণির ছাত্র রিয়াদ হোসেনকে উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শিশু রিয়াদ উপজেলার বগেরগাছি গ্রামের ফারুক হোসেনের ছেলে।  

সোমবার (২৭ মে) রাতে শিশু রিয়াদকে ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী তাইজুল ইসলাম স্বপন ওরফে মুন্নাকে আটক করে পুলিশ। মুন্না উপজেলার বগেরগাছি গ্রামের শুকুর মোল্লার ছেলে।

আরও পড়ুন: গুদাম ভর্তি ভিজিডি ও ভিজিএফের চাল জব্দ

পুলিশ জানায়, শিশু রিয়াদকে অপহরণের পর ঢাকার কেরানীগঞ্জের একটি বাসায় রাখা হয়। এরপর মোবাইলে শিশু রিয়াদের পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এক পর্যায়ে ৩০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। সমগ্র বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশ তদারকি করে। পরে কেরানীগঞ্জ থেকে প্রথমে অপহরণকারী স্বপনকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক কেরানীগঞ্জের একটি বাসা থেকে শিশু রিয়াদকে উদ্ধার করা হয়। 

শিশু উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া কালীগঞ্জ থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন বলেন, সোমবার রাতে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে শিশু রিয়াদকে উদ্ধার ও অপহরণকারী স্বপনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার হাসানুজ্জামানের মাধ্যমে শিশুটিকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/অনি