খালেদা জিয়া সামরিক শাসকের হাতে ক্ষমতা তুলে দিতে চেয়েছিলেন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ বলেছেন, ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে না এসে খালেদা জিয়া থাইল্যান্ডের মত সামরিক শাসকের হাতে ক্ষমতা তুলে দিতে চেয়েছিলেন। সাংবিধানিকভাবে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সে সুযোগ তিনি পাননি। ৫ বছর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নতুন কোন নির্বাচনের সম্ভাবনা নেই। গতকাল শনিবার দুপুরে শহরের পুরনো কাচারী বালুর মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সঠিক রাজনীতি করি না বলেই নানা সমস্যার সৃষ্টি হয়। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা গেলে এবং সঠিক রাজনীতি চর্চা করলে এমনিতেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশে বলেন, পত্র পত্রিকায় আপনাদের নিয়ে বিভিন্ন খবর আমাদের বিব্রত করে। আদর্শবান রাজনীতি করতে হলে এগুলো পরিহার করুন। এর আগে বেলা সাড়ে ১১টায় ১০ বছর পরে এই জেলা সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ উল আলম লেনিন, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, মহিলা সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি, স্বাস্থ্য সম্পাদক ড. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, উপ দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি, অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, সুকুমার রঞ্জন ঘোষ এমপি ও আলহাজ্ব শেখ লুত্ফর রহমান প্রমুখ।