নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জেলায় গতকাল শনিবার পৃথক ২ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। দুপুর ১২টায় জেলার কিশোরীগঞ্জ উপজেলার রনচণ্ডি ইউনিয়নের ধরেয়ার বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতসহ ৫ জন আহত হয়েছেন। এদিকে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের সোনাখুলি এলাকায় ট্রাক ও নছিমনের সংঘর্ষে জমরউদ্দিন (৭৫) নামে ১ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা দেবীডুবা ফ্রার্মগেট এলাকার আকবর আলী তার পরিবারের সদস্যদের নিয়ে চিকিত্সার জন্য এ্যাম্বুলেন্সে রংপুর যাওয়ার পথে রংপুর জলঢাকা সড়কের ধরেয়ার বাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এ্যাম্বুলেন্সটি দুমরেমুচড়ে যায়। ঘটনাস্থলেই আকবর আলী (৫৫), মনর আলী (৩৩) ও এ্যাম্বুলেন্স চালক আলম হোসেন (৩২) নিহত হন। আহত হয়েছেন একই পরিবারের মাজেদা বেগম (৩০), খাদিজা বেগম (১২) ও আক্তার হোসেনসহ (৩৫) ৫ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবোঝাই বাসটির চালকের ভুলের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। উত্তেজিত লোকজন সড়ক অবরোধ করায় প্রায় ২ ঘণ্টা ওই সড়কে সব যান চলাচল বন্ধ থাকে।