মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ

সভাপতি মহিউদ্দিন সম্পাদক শেখ লুত্ফর পুন:নির্বাচিত

মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আলহাজ্ব মো. মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব শেখ লুত্ফর রহমান পুনঃনির্বাচিত হয়েছেন। শনিবার বিকালে সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাউন্সিলরদের সর্বসম্মতিতে এই কমিটি গঠিত হয়। সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় এবং সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। দীর্ঘ ১০ বছর পরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ’৯১ সাল থেকে আলহাজ্ব মো. মহিউদ্দিন সভাপতি এবং ’৯৬ সাল থেকে আলহাজ্ব শেখ লুত্ফর রহমান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, উপ-দফতর সম্পাদক এডভোকেট মৃনাল কান্তি দাস এমপি, অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, সুকুমার রঞ্জন ঘোষ এমপি প্রমুখ। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। ৬৫ বছরের প্রাচীন এই দলের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় নেই। নতুন কমিটির কাছে জেলা কার্যালয়ের দাবি জানিয়েছেন কাউন্সিলররা।