বাগদাদে শিয়াদের পাল্টা শক্তি প্রদর্শন, যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ
প্রকাশ : ২১ জুন ২০১৪, ২৩:০৫
ইরাকে সুন্নি জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা শক্তি প্রদর্শনের অংশ হিসেবে হাজার হাজার শিয়া মিলিশিয়া তরুণ অস্ত্র হাতে গতকাল শনিবার বাগদাদের রাস্তায় মিছিল করেছে। সুন্নি জঙ্গিরা উত্তর ইরাকের ব্যাপক এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর এটা ছিল শিয়া মিলিশিয়াদের দিক থেকে শক্তির প্রদর্শন। তবে সুন্নি জঙ্গিদের মোকাবেলা করতে আমেরিকান বাহিনীর ইরাকে আবার ফেরত যাওয়ার সম্ভাবনার বিরোধিতা করেছে কট্টরপন্থী শিয়া ধর্মীয় নেতা মোক্তাদা আল সদরের সমর্থকরা। এই সমর্থকদের অতীতে সামপ্রদায়িক সহিংসতার নজির রয়েছে। খবর বিবিসির।
মোক্তাদা আল সদর ইরাকের সবচেয়ে প্রভাবশালী শিয়া নেতাদের একজন এবং তার ‘মাহাদি আর্মি’ ইরাকে বহু বছর ধরে মার্কিন সেনাদের বিরুদ্ধে লড়াই করেছে। সুন্নি জঙ্গি গোষ্ঠী আইসিস ইরাকের একটা বিরাট অংশ দখল করে নেওয়ার পর মোক্তাদা আল সদরও তার সমর্থদের সামরিক প্রস্তুতির ডাক দিয়েছেন। ইরাক জুড়ে বিভিন্ন শহরে গতকাল তার সমর্থকদের এই কুচকাওয়াজ ছিল সেই প্রস্তুতিরই অংশ।
সূত্র জানায়, গতকাল বাগদাদে হাজার হাজার শিয়া অনুসারী মোক্তাদা আল সদরের ডাকে সাড়া দিয়ে কুচকাওয়াজে সামিল হয়। এদের অনেকেই ছিল সামরিক অস্ত্র এবং সরঞ্জামে সুসজ্জিত। দেশরক্ষার জন্য প্রয়োজনে জীবন উত্সর্গ করার ডাক দেওয়া হয়েছে এসব সমাবেশে। মোক্তাদা আল সদরের মাহাদি আর্মির একজন সংগঠক আকিল আল বাহাদি বলেন, শত্রুক মোকাবেলার প্রস্তুতি তাদের আছে।
বিশ্লেষকরা বলছেন, শিয়া সম্প্রদায়ের এই শক্তি প্রকাশে রাজধানীর সংখ্যালঘু সুন্নি সমপ্রদায়ের জন্য উদ্বেগের, বিশেষ করে এমন একটা সময়ে যখন ইরাকে শিয়া ও সুন্নি দু্ই সমপ্রদায়ের মধ্যে বিভক্তি ক্রমেই গভীর হচ্ছে। সুন্নি জঙ্গিরা গতকাল উত্তর ইরাকে আরেকটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর আল কায়েম দখল করেছে। বাগদাদের ৪০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেলে জঙ্গিরা। ফলে যেকোনো মুহুর্তে রক্তক্ষয়ী লড়াই শুরু হতে পারে।