প্র দ র্শ নী .
কল্পনা চাকমার খোঁজে
প্রকাশ : ২২ জুন ২০১৪, ১৯:৫৮
আজ থেকে ১৮ বছর আগে হিল উইমেন্স ফেডারেশন-এর তরুণ নেত্রী কল্পনা চাকমাকে নিজ বাসা থেকে সামরিক বাহিনীর সশস্ত্র সদস্য ও স্থানীয় আইন প্রয়োগকারীরা অপহরণ করে। তিনি আজ অবধি নিখোঁজ। বাংলাদেশের সর্বাধিক পরিচিত আলোকচিত্রী শহিদুল আলম-এর প্রদর্শনী ‘১৮’-তে আছে খুঁজে পাওয়া বস্তু, দৈনিক পত্রিকার ক্লিপিং, কল্পনার ডায়েরি থেকে উদ্ধৃত অংশ-বিশেষ এবং কল্পনার ব্যবহূত জিনিসপত্র নানান উপাদান দিয়ে নির্মিত হয়েছে কল্পনার অপহরণ ও হাওয়া-হয়ে-যাওয়ার কাহিনী। ১২ জুন ২০১৪ সন্ধ্যা ৬টায় দৃক গ্যালারিতে অনুষ্ঠিত এ প্রদর্শনী উদ্বোধন করেন নিউ এইজ পত্রিকার সম্পদক নূরুল কবীর।
প্রদর্শনী ‘১৮’ দৃকের জনসচেতনমূলক অভিযান আর না-র অংশ। কল্পনা চাকমাকে নিয়ে আলোকচিত্রী শহিদুল আলম ও নৃবিজ্ঞানী সায়দিয়া গুলরুখের যৌথ কাজ গত বছর প্রদর্শিত হয় ‘কল্পনা চাকমার খোঁজে’, তারই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে এবছরের প্রদর্শনী, ‘১৮’। দৃকের আর না অভিযান শুরু হয় মার্চ ২০১০ সালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড-বিষয়ে ‘ক্রসফায়ার’ প্রদর্শনী দিয়ে। আর গত বছর অনুষ্ঠিত হয় গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তাহীনতা-বিষয়ে প্রদর্শনী ‘ট্র্যাজেডি নয় হত্যাকাণ্ড’। ‘কল্পনা চাকমার খোঁজে’ এবং ‘১৮’- রাষ্ট্রযন্ত্রের দায়বদ্ধতা ও এস্টাবলিশমেন্টের যোগসাজশ নিয়ে জনমনে প্রশ্ন তোলার জরুরিত্বকে জারি রাখে।.................................