মহাসড়কে বিপজ্জনক গর্ত!
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২২ জুন ২০১৪, ২১:০৬
গত তিনদিনের টানা প্রবল বর্ষণে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের মির্জাপুর পর্যন্ত প্রায় ৬৭ কিলোমিটার রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে এলেঙ্গা পর্যন্ত ১৭ কিলোমিটার রাস্তায় মাস তিনেক আগে সংস্কারের কাজ করে বঙ্গবন্ধু সেতুতে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান এমসিসিসি-ইউডিসি-এসইএল। কিন্তু সংস্কার করা ওই মহাসড়কে তৈরি হয়েছে বিশাল বিশাল ডুবো গর্তের। এছাড়া ওই ১৭ কিলোমিটারের রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতুর সাইট (বিবিএ) অফিসের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, তৈরি হওয়া গর্তের ব্যাপারে আমাদের প্রস্তুতি রয়েছে। তবে বৃষ্টির মধ্যে কাজ করা সম্ভব না।
বৃষ্টি শেষ হলেই সংস্কার কাজ করা হবে। টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া বলেন, গত বুধবার থেকে মির্জাপুর অংশে তৈরি হওয়া গর্ত ও খানাখন্দের ভিতরে বৃষ্টির মধ্যেই ইট-বালি দিয়ে সংস্কার করা হচ্ছে।
পর্যায়ক্রমে বাকি রাস্তাটুকুর কাজ শুরু হবে। তবে বৃষ্টি শেষ হলেই রাস্তার মূল সংস্কারের কাজ শুরু হবে।