টিকিট কেটে সিনেমা হলে বিশ্বকাপ খেলা দেখছেন ফুটবলপ্রেমীরা
ডোমার (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২২ জুন ২০১৪, ২১:০৭
নীলফামারীর ডোমারে বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনার খেলা সিনেমা হলে প্রদর্শন হয়েছে। গত শনিবার রাত ১০টায় আর্জেন্টিনা বনাম ইরানের খেলা দেখার জন্য বড় পর্দায় ডোমারের ফুটবল উন্মাদনা দর্শকদের কনিকা সিনেমা হল কর্তৃপক্ষ মাইকিং করে ১৫ টাকা ও ১০ টাকা টিকিটের বিনিময়ে খেলা প্রদর্শন করেছে। অপরদিকে ডোমারে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। শহর গ্রাম সর্বত্র চলছে সমর্থকদের পতাকা উড়োনো আর বাজি ধরার প্রতিযোগিতা। বাসাবাড়ি, যানবাহন, দোকান এমনকি বাইসাইকেলেও উড়ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা।
পীরগাছায় লোডশেডিং
দর্শকদের মাঝে ক্ষোভ
রংপুরের পীরগাছায় বিশ্বকাপ খেলা শুরুর দিন থেকে লোডশেডিংয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে। প্রতিটি খেলা ২৫/৩০ মিনিট পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। খেলা দেখতে না পেয়ে ফুটবলপ্রেমীদের মাঝে হতাশাসহ চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। পছন্দের দলের খেলা দেখতে না পেয়ে উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিন বিক্ষোভ করছে ফুটবলপ্রেমীরা। এভাবে লোডশেডিং চলতে থাকলে যে কোন মুহূর্তে ফুটবলপ্রেমীরা বিদ্যুতের দাবিতে আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।
রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-১-এর জোনাল অফিস সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলায় গড়ে প্রতিদিন পিক আওয়ারে ৭ মেগাওয়াট বিদু্যুতের প্রয়োজন হলেও গড়ে ৩ থেকে সাড়ে তিন মেগাওয়াট বিদ্যুত্ বরাদ্দ দেয়া হয়। ফলে লোডশেডিং সবসময় দিতে হয়। রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম জানান, বরাদ্দ কম থাকায় লোডশেডিং দিতে হয়।
কেন্দুয়ায় আর্জেন্টিনার জয়ে
ব্যান্ডপার্টি নিয়ে মিছিল
ইরানের সাথে শেষ মুহূর্তে আর্জেন্টিনার জয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরে গতকাল রবিবার দুপুরে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে আনন্দ মিছিল করেছে আর্জেন্টিনা দলের সমর্থকরা। তারা আর্জেন্টিনার বিশাল বড় পতাকা মাথার ওপর তুলে ধরে ব্যান্ডপার্টিসহকারে এ মিছিল করে। এতে আর্জেন্টিনা ফুটবল দলের সর্বস্তরের সমর্থকরা অংশ নেন। মিছিলকারী আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক গালীব হাসান ভূইয়া ইমন জানান, ৯০ মিনিটেও গোল না হওয়ায় তারা যখন প্রায় সবাই হতাশ, তখন আচমকা মেসির আশ্চর্যজনক গোলটি আমাদের হতাশা দূর করে দেয়। আমরা আশাবাদী এ বছর চমত্কার খেলে লিওলেন মেসির দল আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে। মূলত আর্জেন্টিনা দলের প্রতি শুভ কামনাসহ দলের সমর্থকদের উত্সাহিত করতেই আমাদের এই আনন্দ মিছিল।