বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি

বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির অবস্থান কর্মসূচি

বৃহত্তর খুলনার উন্নয়নে ২০১৪-১৫ চূড়ান্ত বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির গতকাল রবিবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নগরীর পিকচার প্যালেস মোড়ে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সভায় বক্তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সভাপতিত্ব করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান। এতে বক্তব্য রাখেন নাগরিক ফোরামের চেয়ারপার্সন মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম, এস. এম দাউদ আলী, অ্যাডভোকেট এস. এম মঞ্জুর-উল আলম, নিজামউর রহমান লালু, অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, মিজানুর রহমান বাবু, শেখ মফিদুল ইসলাম, মিনা আজিজুর রহমান প্রমুখ। বক্তারা অবিলম্বে খুলনায় আধুনিক রেল স্টেশন, খুলনা-দর্শনা ডবল রেল লাইন নির্মাণ, খুলনায় পাইপ লাইনে গ্যাস সঞ্চালন ও সরবরাহ, মংলা বন্দরের অবকাঠামো উন্নয়ন, খুলনায় বিমানবন্দর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ, শিল্পকলা একাডেমি ও জেলা স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়ন, ক্যাডেট কলেজ ও মেরিন একাডেমি স্থাপন, নিউজপ্রিন্ট মিল ও দাদা ম্যাচ ফ্যাক্টরিসহ বন্ধ কলকারখানা চালু, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালকে পূর্ণাঙ্গ রূপে চালু এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার বেডে উন্নীতকরণ, মংলা সমুদ্রবন্দর থেকে ভোমরা পর্যন্ত মহাসড়ক নির্মাণ করে ভোমরা স্থলবন্দরকে আন্তর্জাতিক বন্দরে উন্নীতকরণ, খুলনায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের মরে যাওয়া নদী ও খালগুলো পুনঃখনন ও নৌ চলাচল স্বাভাবিক করা, আইলাদুর্গতদের পুনর্বাসনসহ টেকসই বেড়ী বাঁধ নির্মাণ ও স্থায়ী সমাধান, খুলনার গোয়ালপাড়া ১১০ ও ৬০ মেগাওয়াট বিদ্যুত্ কেন্দ্র দুইটি অবিলম্বে পূর্ণাঙ্গ সংস্কার এবং ৩০০ মেগাওয়াট বিদ্যুত্ কেন্দ্র স্থাপন ও পর্যটন কর্পোরেশনের বিভাগীয় সদর দপ্তর খুলনায় স্থাপনসহ সুন্দরবনকে ঘিরে পর্যটন শিল্প গড়ে তুলতে চূড়ান্ত বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়ে প্রকল্পগুলো বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।