নাটোরে ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
প্রকাশ : ২২ জুন ২০১৪, ২১:১২
ভূমি কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছে গুরুদাসপুর উপজেলার কয়েকশ’ ভূমিহীন নারী-পুরুষ ও ক্ষুদ্র ব্যবসায়ী। আদিবাসী নেতা বিমল কর্মকার, ক্ষুদ্র ব্যবসায়ী জাফর আলী, ভূমিহীন নেতা কালাম হোসেন, কৃষি কর্মী মালা রানী ও এনজিও প্রতিনিধি ফেরদৌস ফারুকী জানান, গুরুদাসপুর উপজেলার ভূমি কর্মকর্তারা খাস জমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বিতরণ না করে ধনী প্রভাবশালীদের নামে ইজারা দিচ্ছেন। নাজিবপুর হাটে খাস জমির ওপর অস্থায়ী ঘর তুলে ব্যবসা করে আসছিল বেশকিছু ভূমিহীন। কিছুদিন পূর্বে স্থানীয় প্রশাসন তাদের উচ্ছেদ করে। এরপর ঐ জমি ইজারা দেয় হয় ধনী ব্যবসায়ীদের নামে। সেখানে এখন অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। এর আগে নদী দখল করে গোডাউন নির্মাণ করা হয়েছে। অথচ ভূমিহীনরা ১০ বছর আগে আবেদন করেও খাস জমি পায়নি। এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ জাফর উল্লাহ জানান, দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।