গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ!
প্রকাশ : ২২ জুন ২০১৪, ২১:১৩
রাজশাহীতে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের বিরুদ্ধে বন্ধু ও ক্ষুদ্র বীমা প্রকল্পের লক্ষাধিক গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মেয়াদ পূর্তি সত্ত্বেও দরিদ্র মানুষের জমাকৃত অর্থ ফেরতের কোন উদ্যোগ নেই কোম্পানী কর্মকর্তাদের। এদিকে গ্রাহকদের টাকা পরিশোধ না করায় কোম্পানীর মাঠকর্মীরা গা ঢাকা দিয়েছেন। গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি.-এর রাজশাহী বিভাগীয় প্রধান আসাদ হোসেন বলেছেন, গ্রাহকদের টাকায় জমি কিনে কোম্পানী এখন দেউলিয়া হয়ে গেছে। নগরীর আসাম কলোনীর শরিফা বেওয়া জানান, তার ছেলে শুকুর আলী ৬ মাস আগে মারা গেছেন। কিন্তু তার মৃত্যুদাবির টাকা এখনো পরিশোধ করা হয়নি। অথচ উক্ত টাকা ১ মাসের মধ্যে পরিশোধের নিয়ম রয়েছে। এই বৃদ্ধ বয়সে দিনের পর দিন অফিসে ঘুরতে ঘুরতে এখন দিশেহারা।