সতর্ক কাভানি

ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে লুইস সুয়ারেজের জোড়া গোলে দারুণ এক জয় পেলেও শঙ্কা কাটেনি উরুগুয়ের। কারণ প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ৩-১ গোলের পরাজয়ে চাপে আছে লাতিন আমেরিকার দলটি। ইতালি আর উরুগুয়েকে হারিয়ে ইতিমধ্যে শেষ ষোলোতে পৌঁছে গেছে কোস্টারিকা। তাই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে জয়ের বিকল্প নেই উরুগুয়ের সামনে। আজ্জুরিদের বিপক্ষে ম্যাচ সম্পর্কে কোচের আস্থাভাজন নেপোলির প্যারিস সেন্ট জার্মেইর স্ট্রাইকার এডিসন কাভানি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের জন্য বড় একটি ম্যাচ অপেক্ষা করছে। ইতালির বিপক্ষে ম্যাচটি খুবই কঠিন হবে। অবশ্যই আমাদের যথাসম্ভব সেরা প্রস্তুতি নিতে হবে যাতে আমরা একটি বিশেষ পারফরম্যান্স দেখাতে পারি। এটা একটা ফাইনাল ম্যাচের মতো হবে। টুর্নামেন্টে এ পর্যন্ত আমাদের সমর্থকরা চমত্কারভাবে আমাদের সমর্থন দিয়ে আসছেন। তারা আমাকে নেপোলির সমর্থকদের কথা মনে করিয়ে দেয়।’