দুইদিনব্যাপী উদ্যোক্তা ও উদ্ভাবনী মেলা
প্রকাশ : ২২ জুন ২০১৪, ২১:২৮
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দুই দিনব্যাপী উদ্যোক্তা ও উদ্ভাবনী মেলা। গতকাল আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস। ডিসিসিআই ফাউন্ডেশন ও আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। মেলায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) ২ হাজার নতুন উদ্যোক্তার বড় একটি অংশ মেলায় তাদের পণ্য ও সেবা নিয়ে অংশ নিয়েছেন।
স্বাগত বক্তৃতায় ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান জানান, দেশব্যাপী এ প্রচার অভিযানের ফলে এ প্রকল্পের আওতায় ৩ হাজার ২শ’ জন সম্ভাবনাময় উদ্যোক্তা রেজিস্ট্রেশন করেন এবং ২২শ’টি প্রকল্প জমা পড়ে। তিনি আরো জানান, এ উদ্যোগের আওতায় ৯ জন উদ্যোক্তা বিভিন্ন ব্যাংক হতে আর্থিক সহায়তা পেয়েছেন। তিনি বিসিক শিল্প এলাকায় অব্যবহূত শিল্প প্লটসমূহ নতুন উদ্যোক্তাদের মাঝে বরাদ্দ করার প্রস্তাব করেন। ডিসিসিআই ইটুকে প্রকল্পের চেয়ারম্যন মো. সবুর খান ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরিকারী আইনি কাঠামোসমূহের সংস্কার এবং ঋণ সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে আথিক নীতিমালা আরো সহজীকরণের আহবান জানান।
ডিসিসিআই ফাউন্ডেশন এবং আনোয়ার গ্রুপ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান নির্ধারিত ভ্যাটের হার ১৫% থেকে আরো কমানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।
ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, ডিসিসিআই’র এ উদ্যোগ সারাদেশে নতুন উদ্যোক্তা তৈরিতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তিনি কর হার বাড়ানোর পরিবর্তে ট্যাক্স নেট বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন। নতুন প্রজন্মের উদ্যোক্তাদের ধৈর্য সহকারে ব্যবসা পরিচালনা করা এবং উত্পাদিত পণ্যের বহুমুখীকরণের আহবান জানান তিনি। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি ওসামা তাসীর।