বিদ্যুতের প্রি-পেইড মিটারে গ্রাহকদের ভোগান্তির অভিযোগ
প্রকাশ : ২২ জুন ২০১৪, ২১:৩১
ভোগান্তি কমাতে বিদ্যুতের প্রি-পেইড মিটার বসানো হলেও উল্টো ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীর আজিমপুরের বাসিন্দাদের। চাহিদামতো কার্ড না পাওয়া, মিটারের লোড নিতে না পারায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যাওয়াসহ নানা অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা।
রবিবার ‘দৈনিক ইত্তেফাক’-এ ফোনে তারা অভিযোগ জানিয়ে বলেন, এই তীব্র গরমের সময় হঠাত্ দেখা যায় অনেক রাতে বিদ্যুত্ নেই। কারণ, কার্ড শেষ। কিন্তু কার্ড স্বল্পতার কারণে কর্তৃপক্ষের কাছ থেকে অগ্রিম কার্ড নিয়ে রাখারও উপায় নেই।
আবার ইস্ত্রি, ফ্রিজ চালালেই বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। এসব সমস্যা সমাধানে বিদ্যুত্ বিভাগের লোকজনকে খোঁজ করেও পাওয়া যায় না। ফলে আমাদের রীতিমতো ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ প্রসঙ্গে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) নজরুল হাসান গতকাল ইত্তেফাককে বলেন, রাজধানীতে বিদ্যুতের প্রি-পেইড মিটার বসানোর প্রকল্পটি কেবল শুরু হয়েছে। কিছু সমস্যাতো থাকবেই। তিনি বলেন, মিটার ধারণক্ষমতার বেশি লোড নিতে না পারায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। মিটারের লোড বাড়িয়ে নিতে হবে। খুব শিগগিরই এসব সমস্যা সমাধান করা হবে।