একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ ১৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বুধবার জেলার তিতাস ও হোমনা উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কাছে এ মনোনয়নপত্র দাখিল করা হয়।
এসব মনোনয়নপত্র দাখিলের সময় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীদের সাথে নেতাকর্মীসহ শতশত সমর্থক উপস্থিত ছিলেন। তবে সংরক্ষিত এলাকায় বাইরে তারা অবস্থান করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে প্রতিদ্বন্ধিতার জন্য ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে রয়েছে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য আমির হোসেন ভূঁইয়া, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তাহার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ ওমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমাদ মেরী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, কুমিল্লা (উত্তর) জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আশরাফুল ইসলাম, জাকের পার্টির মনোনীত প্রার্থী আ. লতিফ খান, বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী নূরে আলম ভূঁইয়া, জাসদ (ইনু) মনোনীত প্রার্থী বৌরোয়া মনচিৎ বিমল, বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী মো. জাকির হোসেন, বিএনএস এর প্রার্থী গোলাম মোস্তফা ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. মনোয়ার হোসেন, রবিউল ইসলাম।
হোমনা ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৯শ ৭৪ জন। এর মধ্যে তিতাসে ১ লাখ ৩৭ হাজার ২শ ৫৩ জন ও হোমনায় ১ লাখ ৫২ হাজার ৭শ ২১ জন ভোটার রয়েছে।
ইত্তেফাক/জেডএইচ