সুষমা স্বরাজের সফরে সম্পর্কে নয়া দিগন্ত সূচনা হবে

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি নতুন দিগন্তের উন্মোচন হবে। গতকাল রবিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আহমদ শফির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ড. মোহাম্মদ ফরাস উদ্দিন। মন্ত্রী বলেন, তিন দিনের সফরে সুষমা স্বরাজ ঢাকা আসছেন। আমরা তাকে স্বাগত জানাই। বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে। আমরা আলোচনার জন্য তৈরি হয়ে আছি। উল্লেখ্য, আগামী ২৫ জুন ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায় আসছেন। অনুষ্ঠানে তিনি বলেন, এবার বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি উন্নত করার দৃষ্টিভঙ্গি থেকে সরকার এই খাতে বেশি বাজেট বরাদ্দ দিয়েছে। দেশকে একটি উন্নত ও সফল রাষ্ট্রে পরিণত করতে অবশ্যই শিক্ষার মান উন্নয়ন প্রয়োজন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখার সুযোগ আছে। কিন্তু ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়সহ মাত্র কয়েকটা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যরা এই প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। গুণগত শিক্ষার মাধ্যমেই আমাদেরকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং টেকসই উন্নয়নের মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্যের ব্যবধান কমাতে হবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ড. মোহাম্মদ ফরাস উদ্দিন বলেন, গুণগত শিক্ষায় নারীরা এগিয়ে গিয়ে দেশে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ৩০ ভাগ নারী হলেও মেধাবৃত্তি প্রাপ্তদের ৬০ ভাগই নারী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট ৯৩ জন শিক্ষার্থীকে মেধা তালিকায় বৃত্তি প্রদান করা হয়।