সংলাপের নামে সময় অপচয়ের সুযোগ নেই
প্রকাশ : ২২ জুন ২০১৪, ২২:২০
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বেগম খালেদা জিয়া তার দলবলসহ প্রতিদিন বর্তমান সরকারকে অবৈধ বলে গলাবাজি করছেন। আবার বর্তমান সরকারের সঙ্গে সংলাপে বসার জন্য দিনের পর দিন আকুতিও জানাতে শুরু করেছেন। ৫ জানুয়ারী সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গঠিত বর্তমান সরকার বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। এখন সংলাপের নামে সময় অপচয়ের কোন সুুযোগ নেই। ২০১৯ সালে শেখ হাসিনার সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশবাসীর মন জয় করে যদি বিএনপি সে নির্বাচনে জনগণের রায় লাভ করে, তবে গণতন্ত্রের পূজারি হিসাবে আওয়ামী লীগ সে গণরায় মাথা পেতে নেবে।
রবিবার দুপুরে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বড়ইতলীতে ৪৩ মিটার সেতু উদ্বোধন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক খলিলুর রহমান বক্তব্য রাখেন। এ সময় জেলা আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আগে মন্ত্রী পিপুলবাড়িয়ায় শহীদ এম মনসুর আলী সড়কের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।