মধুপুর হাসপাতালের টয়লেটে রোগীর লাশ উদ্ধার

জেলার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে গতকাল রবিবার সকালে চিকিত্সাধীন রোগীর লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। তার নাম শাহজাহান আলী(৪০)। তিনি উপজেলার রানিয়াদ আটাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। রোগের যন্ত্রণা আর অর্থ সংকটে চিকিত্সার অনিশ্চয়তার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, পেটের ব্যথার যন্ত্রণায় গত শুক্রবার তাকে মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হতে থাকলে শাহজাহান পরবর্তী চিকিত্সার খরচের ব্যবস্থা না থাকায় মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে গতকাল সকালে হাসপাতালের টয়লেটে ঢুকে পানির লাইনের সাথে গামছা লাগিয়ে তিনি গলায় ফাঁস দেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।