নকল স্কলারি!

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশ। তার উপর সেই দেশেই এবার আয়োজিত হচ্ছে বিশ্বকাপ। কে না চায় দেশটির কোচের সাক্ষাত্কার নিতে! কয়জন হতে পারেন এমন সৌভাগ্যবান। গত বুধবার, রিও ডি জেনিরো থেকে সাও পাওলোর ফ্লাইটে ওঠার পর কোচ লুইস ফিলিপ স্কলারিকে পাশে বসা দেখে অভিজ্ঞ টিভি উপস্থাপক ও কলাম লেখক মারিও সার্জিও কন্তি নিজেকে তাই বড় সৌভাগ্যবান ভেবেছিলেন। সাংবাদিক সুলভ দক্ষতা কাজে লাগিয়ে কথার ফাঁকে ফাঁকে পাশে বসা মানুষটিকে প্রশ্ন করতে থাকেন তিনি, জবাবও পেয়ে যান চটজলদি। আর ব্রাজিলের দুটি বড় পত্রিকা ‘ফোলিও দে সাও পাওলো’ ও ‘ও গ্লোবো’য় প্রকাশ হয়ে যায় ‘স্কলারির সাক্ষাত্কার’ নিয়ে তার কলাম। তবে সমস্যাটা হলো কন্তির পাশে বসা মানুষটি আসল স্কলারি ছিলেন না, ছিলেন স্কলারির মতো দেখতে আরেকজন। ভ্লাদিমির পালোমো নামের ওই লোকটি একটি টিভি কমেডি অনুষ্ঠানে অংশ নিতে রিও ডি জেনিরোয় গিয়েছিলেন। ওই অনুষ্ঠানেও স্কলারির ভূমিকাতেই মজা করেন তিনি। নকল স্কলারির সঙ্গে ওই প্লেনে নেইমারের মতো দেখতেও একজন ছিলেন। আশ্চর্যের বিষয়, নেইমারের মতো দেখতে ওই মানুষটিকেও সত্যিকারের নেইমার ভেবেছিলেন সাংবাদিক কন্তি। কিন্তু, গত মঙ্গলবার মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের ম্যাচ শেষে স্কলারি তখনও ফোর্তালেজা ত্যাগ করেননি, এটা জানার পরই পুরো ব্যাপারটা খোলাসা হয়। পরিষ্কার হয় যে, কন্তির পাশের মানুষটি আসলে স্কলারি ছিলেন না। নিজেদের ভুল বুঝতে পেরে পরে ওই দুটি পত্রিকাই তাই ক্ষমা চেয়েছে। পুরো ব্যাপারটায় ভুল বোঝাবুঝির কারণ বলে পরে বিবিসিকে জানান স্কলারির মতো দেখতে ওই কৌতুক অভিনেতা পালোমো। পালোমো এটাও জানান যে, সাংবাদিক কন্তির কাছে কখনই নিজেকে স্কলারি বলে পরিচয় করিয়ে দেননি তিনি। তাই কন্তি যে তাকে স্কলারি ভাবছে, এটাও তার কখনও মনে হয়নি। তাছাড়া প্লেনে যে তার সাক্ষাত্কার নেয়া হচ্ছে এটা কখনোই মনে হয়নি পালোমোর। সাও পাওলোতে পৌঁছানোর পরই কন্তি নিজের পরিচয় দেন বলে জানিয়েছেন পালোমো। ভুল বুঝাবুঝির এই ঘটনাটা ব্রাজিলের গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। এত বড় একটা ভুল করার পর সাংবাদিক কন্তি বলেন, ‘এটা একটা ভুল ছিল, সত্যিই তাকে আমি ফিলিপ (স্কলারি) ভেবেছিলাম।’ আর সেই ভুল থেকেই ঘটনা গড়িয়ে গেল এতোদূর!