বিপাশায় বিরক্তি!
প্রকাশ : ২৩ জুন ২০১৪, ২০:১১
বলিউডে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘হামসাকাল’-এর কোনোরকম প্রচারণায় অংশ নিচ্ছেন না বিপাশা বসু। তাই তার উপর বেজায় ক্ষেপেছেন ছবির প্রযোজক ভাসু ভাগনানি। ভবিষ্যতে ভাসু ভাগনানির প্রযোজনায় নির্মিত অন্য কোনো ছবিতে আর দেখা যাবে না বিপাশাকে। এমন কথা সাফ সাফ জানিয়ে দিয়েছেন প্রযোজক নিজেই। তারকাবহুল এই ছবিতে বিপাশার চরিত্র অনেক সংক্ষিপ্ত এবং শেষটা আশানুরূপ হয়নি দেখে মনক্ষুণ্ন হয়েছেন অভিনেত্রী বিপাশা বসু। এই মন খারাপের বৃত্ত থেকে বের হতে পারেননি তিনি। তাই ছবির অন্যান্য তারকা সাইফ আলি খান, রিতেশ দেশমুখ, রাম কাপুর, এশা গুপ্তা আর তামান্না ভাটিয়ারা যখন আঁটসাঁট বেঁধে নেমেছেন ছবির প্রচারণায়, বিপাশা তখন রাগ-অভিমান বেঁধে বসে আছেন ঘরে। এমন পরিস্থিতিতে ভাসু ভাগনানি বলেন, ‘ছবিটি পুরোপুরি দেখলে বিপাশার কোনোভাবেই মনে হবে না যে তাকে অন্যদের থেকে কম প্রাধান্য দেওয়া হয়েছে। তাছাড়া পরিচালক সাজিদ তো কাস্টিংয়ের সময়েই বিপাশাকে তার চরিত্র সম্পর্কে জানিয়েছেন সব। তাহলে এখন কেন বিপাশা ভিন্ন পথে হাঁটছেনা? বিপাশার কর্মকাণ্ডে আমি সত্যি অবাক হলাম। তাকে নিয়ে আর কাজ করার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার।’