বাগেরহাটে ৭ জন আন্তঃজেলা ডাকাত গ্রেফতার
প্রকাশ : ২৩ জুন ২০১৪, ২০:১৮
বাগেরহাট মডেল থানা পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে পিরোজপুর ও খুলনা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে বাগেরহাট চেম্বার নেতার প্রতিষ্ঠানের ছিনতাইকৃত সাড়ে ১৩ লাখ টাকার মধ্যে ৫ লক্ষাধিক টাকাসহ একটি ওয়াকিটকি, ৩ জোড়া হ্যান্ডকাপ, ১টি খেলনা পিস্তল ও শর্টগান, ১টি মোটর সাইকেল এবং ছিনতাইকৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, আন্তঃজেলা ডাকাত দলের প্রধান ঝালকাঠি জেলার রাজাপুরের নারিকেলবাড়িয়া গ্রামের ইউসুব মৃধার ছেলে মিজানুর রহমান (৩২), তার সেকেন্ড ইন কমান্ড মাদারীপুর জেলার কালকিনির এনায়েতনগর গ্রামের সেলিম সরদারের ছেলে মো. মিলন (২১), ঝালকাঠি জেলার রাজাপুরের শুকতাঘর গ্রামের নজরুল ইসলাম হাওলাদারের ছেলে মো. শাহাজাহান হাওলাদার (৪০), একই এলাকার নারিকেলবাড়িয়া গ্রামের আশ্রাফ আলম মৃধার ছেলে আলম মৃধা (৪৮), পটুয়াখালী জেলার দশমিনার উত্তর আজরবেড়ি গ্রামের আলম হোসেন প্যাদার ছেলে জামাল হোসেন ওরফে হাবিব (৩৮), মাদারীপুর জেলার কালকিনির উপজেলার পূর্ব আলীপুর গ্রামের ইসমাইল সরদারের ছেলে মো. আরিফ হোসেন (২৫) ও নড়াইল জেলা সদরের চরবিলা গ্রামের মো. আব্দুস সালাম মোল্লার ছেলে মো. আশারোল মোল্লা (২৩)।
বাগেরহাট পুলিশ সুপার নিজামুল হক মোল্যা সাংবাদিক সম্মেলনে গতকাল সোমবার বলেন, ২ জুন দুপুরে বাগেরহাট শহরের কেবি মাছ বাজার এলাকা থেকে জেলা চেম্বার অব কমার্সের দুই নেতা এমদাদ আলী পাইক ও মধুসুধন দামের যৌথ ব্যবসায়িক প্রতিষ্ঠান বরকত অটো রাইচ মিলের দুই ম্যানেজার রুহুল আমিন ও প্রভাত সাহাকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সন্ত্রাসীরা তাদের অপহরণ করে ১৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এরপর অপহূত দুই ম্যানেজারকে মংলা- মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফলতিতা বাজারের কাছে হাত ও চোখ বাঁধা অবস্থায় তাদের মোবাইল ২টি নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় মিলের অন্যতম মালিক মধুসুধন দাম বাগেরহাট মডেল থানায় মামলা করেন।