কলমাকান্দার বিএনপি অফিসে অগ্নিসংযোগ

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়ন বিএনপির কমিটির সভাপতি/সম্পাদকের নাম গত রবিবার ঘোষণা করা হলে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিকালেই ঘোষিত কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল বের করে এবং এক পর্যায়ে ইউনিয়ন বিএনপির অফিসে অগ্নিসংযোগ করে। জানা গেছে, তৃণমূল নেতা-কর্মীদের মতামত এবং কোন কাউন্সিল ছাড়াই কলমাকান্দা থানা বিএনপির নেতৃবৃন্দ কামাল আহমেদকে সভাপতি এবং হাফিজ মেম্বারকে সম্পাদক করে ২ সদস্যবিশিষ্ট কৈলাটি ইউনিয়ন বিএনপির কমিটি রবিবার ঘোষণার পরপরই তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং তারা মিছিল সমাবেশ করে। বিকালে তারা কমিটি বাতিলের দাবি জানিয়ে বিএনপি অফিসে অগ্নিসংযোগ করে। এ ব্যাপারে বক্তব্য নেবার জন্য জেলা বিএনপির সাবেক সম্পাদক আবু তাহেরের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।