তালায় গ্রামীণ ব্যাংক ম্যানেজারের বাসায় দুর্ধর্ষ ডাকাতি

সাতক্ষীরার তালায় গ্রামীণ ব্যাংক ও ব্যাংক ম্যানেজারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিতে ৭ ভরি স্বর্ণালংকার ও ২টি মোটর সাইকেলসহ ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। রবিবার গভীর রাতে গ্রামীণ ব্যাংক, ধানদিয়া-সেনেরগাঁতী শাখা ও ব্যাংক ম্যানেজারের বাসভবনে এ ডাকাতির ঘটনাটি ঘটে। ম্যানেজার রিপন কুমার দাশ জানান, সোমবার শেষ রাতে ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল ব্যাংকের মেইন গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সেখান থেকে ২টি মোটর সাইকেল নেয়। পরে মুখোশধারী ডাকাত দল একই ভবনের দ্বিতীয় তলায় অবস্থানরত তার বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ৭ ভরি সোনার গহনা, নগদ ৫ হাজার টাকাসহ অন্য মালামাল লুট করে নিয়ে যায়। খোকসায় দুর্ধর্ষ ডাকাতি এদিকে খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, সোমবার ভোররাতে কুষ্টিয়া রাজবাড়ী সড়কের শিমুলিয়ায় ডাকাতরা রাস্তায় গাছ ফেলে নৈশ পরিবহন, কাভার্ড ভ্যান এবং ট্রাক আটকে যাত্রীদের কাছ থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। যাত্রীরা জানায়, রাত ৩টার দিকে ২৫-৩০ জনের ডাকাত দল ঢাকা থেকে কুষ্টিয়াগামী লালন পরিবহন ও হানিফ পরিবহনসহ কয়েকটি নৈশ পরিবহন এবং ট্রাক যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু লুটে নেয়। এসময় ডাকাতরা প্রায় ২০ লক্ষাধিক টাকা লুট করে বলে জানান ভুক্তভোগীরা। যাত্রীদের অভিযোগ, পুলিশকে খবর দিলেও পাংশা থানার এস আই শাহিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে জানায় এটি কুষ্টিয়া সীমান্ত তাদের করার কিছুই নেই। এ ব্যপারে খোকসা থানার ওসি মতিয়ার রহমান কিছুই জানেন না বলে জানান।