বিভিন্ন স্থানে পাঁচজন খুন

বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পাঁচজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। দামুড়হুদায় ইজিবাইক চালক খুন চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা এলাকা থেকে গতকাল সোমবার দুপুরে তুফান মালিতা (৫৩) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইজিবাইক ছিনিয়ে নিয়ে চালককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত চালক তুফান মালিতা (৫৩) চুয়াডাঙ্গা সদর উপজেলার ভেমরুল্লাহ গ্রামের মৃত বকস্ মালিতার ছেলে। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের ছেলে হাফিজুর রহমান জানান, রবিবার রাতে কয়েক ব্যক্তি উজিরপুর থেকে দর্শনা যাওয়ার নাম করে আমার বাবার ইজিবাইক ভাড়া নেন। এরপর আর আমার বাবা বাড়ি ফেরেনি। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার মো. ছালেহ্উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, মূলত গাড়ি ছিনতাইয়ের উদ্দেশে ইজিবাইক চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে গেছে। দুর্বৃত্তরা গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে। সাঁথিয়ায় সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু পাবনার সাঁথিয়ায় জমি বিরোধে সংঘর্ষে আহত আব্দুল আলিম (৪০) নামে এক ব্যক্তি গতকাল সোমবার মারা গেছেন। এ ঘটনায় একজন নারীসহ দু’জন আহত হয়েছেন। এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল আলিম ও একই গ্রামের শফির সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল্। রবিবার উভয়পক্ষ জমি মাপার জন্য আমিন নিয়ে আসেন। মাপকে কেন্দ্র করে এক পর্যায়ে সংঘর্ষে আব্দুল আলিম ও নাহার নামে দু’জন আহত হন। আব্দুল আলিমকে প্রথমে পাবনা মেডিক্যালে পরে রাজশাহী মেডিক্যালে নেয়ার পথে তিনি মারা যান। সাঁথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। নরসিংদীতে এক ব্যক্তির লাশ উদ্ধার নরসিংদী শহরের দত্তপাড়ার ঈদগাহ বেড়িবাঁধ এলাকা থেকে গতকাল সোমবার সকালে রহিম বাদশা (২২) নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, তার বিরুদ্ধে অপহরণ, অস্ত্র মামলা, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ থানায় বহু মামলা রয়েছে। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। টেকনাফে গুলিবিদ্ধ লাশ উদ্ধার কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় গত রবিবার সন্ধ্যায় জালালউদ্দিন (২৭) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে কে বা কারা জালালের বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। নিহত জালালউদ্দীনকে কয়েক মাস আগে কতিপয় যুবক অপহরণ করে নিয়ে যায়। পরে পুলিশ তাকে বড়ডেইল পাহাড় এলাকা থেকে উদ্ধার করে। টেকনাফ মডেল থানার ওসি মো. মোক্তার হোসেন বলেন, জালালের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নালিতাবাড়ীতে সংঘর্ষে নিহত ১ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ নাকসী গ্রামে গত রবিবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে আফাজউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি খুন ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িত শেরপুর সদর হাসপাতাল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার বিকালে বাড়ির আঙ্গিনায় ছোটদের ফুটবল খেলায় গোল দেয়াকে কেন্দ্র করে বড়রা জড়িয়ে পড়েন। এ ঘটনায় শামীমের সাথে পাশের বাড়ির করিমের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মন্তাজ আলী ও তার তিন ছেলে রহিম, করিম ও তাজেল শামীকে আটক করে মারধর করে। শামীমের চাচা আফাজউদ্দিন এগিয়ে গেলে ফালার আঘাতে গুরুতর আহত হন। আফাজউদ্দিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাত ৯টায় মারা যান। নালিতাবাড়ী থানার ওসি একেএম আমিনুল হক বলেন, নিহতের স্ত্রী ইসমত আরা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা করেন। ঘটনার সাথে জড়িত করিমসহ তার মা-বাবাকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।