পীরগাছায় কর্মসৃজন প্রকল্পে অনিয়মের অভিযোগ
পীরগাছা (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৩ জুন ২০১৪, ২১:১৫
রংপুরের পীরগাছায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (২য় পর্যায়) প্রকল্প নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কাগজ-কলমে শ্রমিকের নাম দেখিয়ে ভাতার টাকা উত্তোলনসহ অন্য প্রকল্পের কাজ করে নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে পীরগাছায় সরকারের নেয়া কর্মসৃজন কর্মসূচি ভেস্তে যেতে বসেছে। কর্মসৃজন কর্মসূচির নামের তালিকায় এলাকার প্রভারশালী ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজশে অধিকাংশ শ্রমিক কর্মস্থলে উপস্থিত না থেকে ভাতা উত্তোলন করে আসছেন। ভাতার একটি অংশ ইউপি সদস্য থেকে শুরু করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে দিতে হয় বলে জানা যায়। এসব অনিয়মের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেও কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে কর্মসৃজন কর্মসূচির শ্রমিক দিয়ে কাবিটা ও কাবিখাসহ অন্যান্য প্রকল্পের কাজ সম্পন্ন করে অর্থ আত্মসাতের মহোত্সব চলছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোখলেছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের অনিয়মের বিষয় আমি জানি না। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে।