উপানুষ্ঠানিক শিক্ষা আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
প্রকাশ : ২৩ জুন ২০১৪, ২১:১৬
মন্ত্রিসভা প্রাথমিক ও গণশিক্ষার ক্ষেত্র বিস্তৃত ও এর গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ‘উপানুষ্ঠানিক শিক্ষা আইন-২০১৪’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সকালে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভুঁইয়া সাংবাদিকদের একথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেসব শিশু মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত হওয়ার উপযুক্ত; কিন্তু বিদ্যালয়ে যেতে পারছে না। নানা কারণে ছিটকে পড়ছে, তাদের জন্য এ আইনটি করা হচ্ছে। তিনি বলেন, অনেকদিন যাবত্ই আইনটি প্রণয়নের জন্য কাজ করা হচ্ছে। গত বছরের ৬ মে মন্ত্রিসভার বৈঠকে আইনটি নিয়ে আলোচনা হয়, তখন কিছু পর্যবেক্ষণ দেয়া হয়। পরে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে আইনটির খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।
মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, আইনটি বাস্তবায়ন করবে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। তবে উপানুষ্ঠানিক শিক্ষার কারিক্যুলাম তৈরি, মূলধারার শিক্ষার সঙ্গে এর সামঞ্জস্য ইত্যাদি দেখভাল করবে উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড। তিনি বলেন, এ বোর্ড এখনো প্রতিষ্ঠিত হয়নি। আইনটি হয়ে গেলেই বোর্ড প্রতিষ্ঠা করা হবে। আর বোর্ডের চেয়ারম্যান হবেন প্রাথমিক শিক্ষ অধিদপ্তরের মহাপরিচালক।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রয়োজনে উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড সরকারের অনুমোদন নিয়ে আইনে প্রবিধান যুক্ত করতে পারবে।