অনুমতি পায়নি ক্যামেরুনের সাংবাদিকরা
স্পোর্টস রিপোর্টার ব্রাসিলিয়া ব্রাজিল
প্রকাশ : ২৩ জুন ২০১৪, ২১:২৮
ক্যামেরুন খেলছে বিশ্বকাপ ফুটবলে। সেখান থেকে অনেক সাংবাদিক এসেছেন ব্রাসিলিয়ায়, ব্রাজিলের বিরুদ্ধে ক্যামেরুনের খেলার খবর সংগ্রহ করবেন বলে। অথচ ক্যামেরুনের সাংবাদিকরাই খেলাটির খবর সংগ্রহের অনুমতি পাননি। এ নিয়ে ম্যাচের আগের দিন মিডিয়া সেন্টারে হৈ চৈ। নিয়ম অনুযায়ী মিডিয়া অ্যাক্রিডিটেশন থাকলেও ম্যাচের জন্য আলাদাভাবে টিকিট বরাদ্দ করে ফিফা। যাদেরকে খেলা দেখার সুযোগ দেয়া হবে তাদেরকে ম্যাচের আগের দিন টিকিট বরাদ্দ দেয়া হয়। সাথে সংবাদ সম্মেলনের জন্য আলাদা টিকিট দেয়া হয়। ভাগ্য ভালো হলে আপনি টিকিট পাবেন না হয় পাবেন না। আর ম্যাচ টিকিট পেলেও প্রেসবক্সে আধুনিক সুযোগ সুবিধাসহ পাবেন কোনো নিশ্চয়তা নেই। না পেলে পাশেই অন্য চেয়ারে বসার ব্যবস্থা থাকবে। যারা বিশ্বকাপ ফুটবল কাভার করেছেন তাদের জানা আছে এটি। কিন্তু ব্রাজিলের বিরুদ্ধে ক্যামেরুনের ম্যাচের সেদেশ থেকে আসা সাংবাদিকরা ম্যাচ টিকিট পাননি। পেয়েছে বাংলাদেশের সব সাংবাদিক। ক্যামেরুন থেকে আসা এক সাংবাদিক জিজ্ঞেস করেন, ‘তোমরা কোন গ্রুপে খেলছো।’ আমরা খেলছি না শুনে ক্ষুব্ধ ওই সাংবাদিক বলেন, ‘তোমরা খেলছো না অথচ সবাই টিকিট পেয়ে গেলে। তোমাদের সাথে কি ফিফার আলাদা সম্পর্ক আছে নাকি।’