বাজেট বাস্তবায়নের স্বার্থে সংলাপ প্রয়োজন

জাতীয় বাজেট ২০১৪-১৫ পর্যালোচনা শীর্ষক সংলাপে বক্তারা বাজেট বাস্তবায়নে সংলাপের উপর জোর দিয়ে বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না এলে বাজেট বাস্তবায়ন কঠিন হবে। প্রবৃদ্ধি অর্জনও ব্যাহত হবে। গত রবিবার রাতে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এ সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এর সহযোগিতায় ছিল সচেতন নাগরিক কমিটি (সনাক)। সিপিডি‘র আঞ্চলিক সংলাপের জবাবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা সংলাপে আগ্রহী। তবে, তা হতে হবে সংবিধান সম্মত। সিপিডি‘র নির্বাহী পরিচালক প্রফেসর মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন-অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন-সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আমিনুল হক ভুঁইয়া। সম্মানিত অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত রিসার্চ ডাইরেক্টর ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম। আলোচনায় অংশ নেন শা‘বির সহযোগী অধ্যাপক প্রফেসর ড. সাদেকুন নবী চৌধুরী, ড. মো. গনি, প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, অধ্যাপক ড. তাহমিনা ইসলাম, এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, কমরেড সিকন্দর আলী, নাসিম হোসাইন, এমএ সালাম চৌধুরী, আসাদুজ্জামান সায়েম, লায়েছ উদ্দীন, রজব আলী খান, অধ্যাপক শাহনাজ হক, প্রকৌশলী আবুল কালাম আজাদ ও সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন।