অভয়নগরে কুপিয়ে মিল শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা
প্রকাশ : ২৩ জুন ২০১৪, ২১:৩৩
জেলায় অভয়নগরে মিল শ্রমিক নিশানকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার জেজেআই মিলের গেটের কাছে গত রবিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত নিশান জেজেআই মিলের ইলেকট্রিক বিভাগের বদলি শ্রমিক এবং মোয়াল্লেমতলা গ্রামের সুজাউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে ডিউটি শেষে মিল থেকে বের হবার পর দুর্বৃত্তদের হামলার শিকার হন নিশান। দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা খবির উদ্দিন জানান, নিহত নিশানের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের আটকের জন্য অভিযান চালাচ্ছে।